উত্তর : জানাযার ছালাত যদি মসজিদে কিংবা বাড়িতে পড়ানো হয়, তাহলে নারীদের তাতে অংশগ্রহণ করার ব্যাপারে শারঈ কোনো নিষেধাজ্ঞা নেই। আয়েশা রাযিয়াল্লাহু আনহা সা‘দ ইবনে আবী ওয়াক্কাছের জানাযা মসজিদে পড়ানোর জন্য আদেশ করেন, যেন তিনি জানাযায় শরীক হতে পারেন (ছহীহ মুসলিম, হা/৯৭৩; মুসনাদে আহমাদ, হা/২৪৫৪৩)। তবে পুরুষদের সাথে কবরস্থানে গিয়ে জানাযার ছালাত আদায় না করাই ভালো। উম্মে আত্বিয়্যা রাযিয়াল্লাহু আনহা বলেন, ‘জানাযার অনুসরণ করা থেকে আমাদের নিষেধ করা হয়েছে। তবে (নিষেধের ব্যাপারে) জোর দেওয়া হয়নি’ (ছহীহ বুখারী, হা/১২৭৮; ছহীহ মুসলিম, হা/৯৩৮; আবুদাঊদ, হা/৩১৬৭)। হাফেয ইবনে হাজার আসক্বালানী এই হাদীছের ব্যাখ্যায় বলেছেন, ‘অর্থাৎ অন্যান্য নিষিদ্ধ বিষয়গুলোর মতো জোর দিয়ে নিষেধ করা হয়নি। তিনি (উম্মু আত্বিয়্যা) যেন বলতে চাচ্ছেন, জানাযার অনুসরণ করতে আমাদের নিষেধ করা হয়েছে। তবে সেটা হারাম হিসাবে নয়’ (ফাতহুল বারী, ৩/১৪৫; উমদাতুল ক্বারী, ৮/৬৩)। অতএব, জানাযায় মহিলাদের অংশগ্রহণের মতো ব্যবস্থা থাকলে তারা তাতে শরীক হতে পারে।
-হাবীবুর রহমান
পত্নীতলা, নওগাঁ।
