উত্তর: হেযবুত তওহীদ (নামের বানান তাদের ওয়েবসাইট থেকে গৃহীত) একটি ভ্রান্ত দলের নাম। টাঙ্গাইলের বাসিন্দা বায়েজীদ খান পন্নী নামক এক ব্যক্তি ১৯৯৫ সালে এই দলটি প্রতিষ্ঠা করেন। তিনি মনে করেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তেকালের পরই সমস্ত উম্মত পথভ্রষ্ট হয়ে গেছে। চৌদ্দশত বছর পর আল্লাহ তাআলা তাকে ইসলামের প্রকৃত রূপরেখা বলে দিয়েছেন। তিনি তাঁর মনোনীত এমাম। তিনি ‘এমামুযযামান’ তথা যুগের একমাত্র অনুসরণীয় ব্যক্তিত্ব। তিনি ইসলামকে ‘এসলাম’ বলেন। তার ধারণা, আল্লাহর ইশারায় তিনি ইসলামের যে ব্যাখ্যা দিচ্ছেন তা-ই ঠিক; বাকি সব ভুল।
হেযবুত তওহীদের উল্লেখযোগ্য ভ্রান্ত আক্বীদাগুলো নিম্নে উল্লেখ করা হলো- ১. আল্লাহ, ব্রহ্মা ও গড একই সত্তা (সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা, পৃ. ০৪)। ২. বেদ, বাইবেল ও ত্রিপিটক আসমানী কিতাব (সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা, পৃ. ০৫; এ ইসলাম ইসলামই নয়, পৃ. ১৩৯-১৪০)। ৩. কৃষ্ণ, বুদ্ধ, রাজা রামচন্দ্র প্রমুখ ছিলেন আল্লাহর নবী (সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা, পৃ. ০৫)। ৪. পন্নী বলেন, যে জীবনব্যবস্থা দ্বীন আল্লাহ নবীদের মাধ্যমে বার বার পাঠালেন, এর নাম স্রষ্টা নিজে রাখলেন শান্তি, আরবী ভাষায় ইসলাম। ... তাই আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতবার নবীর মাধ্যমে এই জীবনব্যবস্থা তিনি পাঠালেন, সবগুলির ঐ একই নাম ইসলাম তথা শান্তি। এই হলো সমস্ত ব্যাপারের মূল কথা। দ্বীনের আর বাকি যেটুকু আছে, নামায, রোযা ইত্যাদি হাজারো কাজ, সব আনুষঙ্গিক, গৌণ (এ ইসলাম ইসলামই নয়, পৃ. ২১)। ৫. প্রকৃতি, ফেরেশতা ও দেবদেবী একই। (এ ইসলাম ইসলামই নয়, পৃ. ১৬)। ৬. জান্নাত লাভের জন্য আমল শর্ত নয় (মো‘মেন, মুসলিম ও উম্মতে মোহাম্মদীর আক্বীদা, পৃ. ৭)। ৭. নবী সা. দাড়ি-মোছ সুন্দর করে ছেঁটে রাখতে বলেছেন (এ ইসলাম ইসলামই নয়, পৃ. ৯২-৯৬)। ৮. পর্দাপ্রথা নারীদেরকে বন্দি করে রেখেছে (হেযবুত তওহীদের নিজস্ব ওয়েবসাইট: (http://www.hezbuttawheed.org/category/faq/page/4/#collanse5) ৯. লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ: আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই (মো‘মেন, মুসলিম ও উম্মতে মোহাম্মদীর আক্বীদা: পৃ. ০৭)। ১০. ব্যক্তিগত জীবনে তাওহীদ মানা শিরক (এ ইসলাম ইসলামই নয়, পৃ. ১৮৬-১৮৭)। এছাড়াও তাদের বিভিন্ন কুফরী আক্বীদা রয়েছে। এগুলোর বিবরণ ও খণ্ডন নিয়ে একাধিক বই প্রকাশিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকল কুফরী আক্বীদা থেকে হেফাযত করুন (দ্রষ্টব্য: হেজবুত তাওহীদ: স্বরূপ বিশ্লেষণ, শাইখ মুশাহিদ আলী)।
প্রশ্নকারী : নাসির
