উত্তর : ‘এক রাক‘আত বিতর পড়া যাবে না’ মর্মে বর্ণিত সকল হাদীছ দুর্বল ও অগ্রহণযোগ্য। সাথে সাথে আল-ইতিছামের জানুয়ারি-২০২০ সংখ্যার দাবীও সঠিক। হেদায়া ২/১৮৪ পৃষ্টায় এমর্মে বর্ণিত হাদীছটি নিতান্তই দুর্বল। ইবনে হাজার আসক্বালী রাহিমাহুল্লাহ ‘আদ-দেরায়া ফী তাখরীজে আহাদীছিল হিদায়া’ নামক গ্রন্থে বলেন, হাদীছের সনদে ওছমান ইবনে মুহাম্মাদ ইবনে রাবি‘আ নামক একজন রাবী রয়েছেন, যিনি দুর্বল (আদ-দেরায়া ফী তাখরীজে আহাদীছিল হিদায়া, ১/১৯২, ২০৮ পৃ.)। জামালুদ্দীন আয-যায়লাঈ তার লিখিত কিতাব ‘নাসবুর রায়া’ নামক গ্রন্থে বলেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, এক রাক‘আত বিতর পড়া হতে নিষেধ মর্মে বর্ণিত মুহাম্মাদ ইবনে কা‘ব এর হাদীছ দুর্বল এবং মুরসাল। ছহীহ সনদে আমি তা পাইনি (নাসবুর রায়া, ২/১৭৩ পৃ.)। মুওয়াত্ত্বা মালেকের মুহাক্কিক্ব তাক্বীউদ্দীন নদবী রাহিমাহুল্লাহ উক্ত হাদীছের তাহক্বীক্বে বলেন, ওছমান ইবনে মুহাম্মাদ ইবনে রাবি‘আর হাদীছে ওহাম বা সন্দেহ রয়েছে (মুওয়াত্ত্বা মালেক, ২/১৫ পৃ. টীকা)। তিনি আরও বলেন, এক রাক‘আত বিতর পড়া যাবে না মর্মে বর্ণিত হাদীছে ‘বুতায়রা’ শব্দটি এক রাক‘আত হাদীছ নিষিদ্ধ করে না। বরং বুতায়রা এর অর্থ ভিন্ন যা, ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। সুতরাং ছহীহ হাদীছে বুতায়রা বলতে যা বুঝানো হয়েছে তা এক রাক‘আত নিষিদ্ধ নয় বরং ছহীহ হাদীছে যে বুতায়রা বুঝানো হয়েছে তা হলো, মানুষ এক রাক‘আত ছালাত সুন্দরভাবে পড়বে এবং দ্বিতীয় রাক‘আতে খুব তাড়াতাড়ি রুকূ, সিজদা, ক্বিয়াম করবে। আর এটাকেই হাদীছে বুতায়রা বলা হয়েছে (মু‘জামুল কাবীর, হা/৪৯৮৫; মিরআতুল মাফাতিহ, ৪/২৬১ পৃ.)। সুতরাং আরও বুঝা গেল যে, উক্ত হাদীছটি ছহীহ হাদীছের বিরোধী এবং বিকৃত অর্থজ্ঞাপক। ছহীহ হাদীছের বিপরীতে দুর্বল হাদীছ দলীল হতে পারে না। তাই উক্ত হাদীছটি প্রত্যাখ্যাত।
-সিরাজুল ইসলাম
মিরপুর-১, ঢাকা।
