কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : অমুসলিম ব্যক্তি নিজে নিজেই কালেমা পড়ে মুসলিম হতে পারে কি?

উত্তর : আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার প্রেরিত বার্তাবাহক হিসাবে বিশ্বাস করত মুখে ‘আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহু ওয়া রসূলুহু’ উচ্চারণ করলেই একজন ব্যক্তি মুসলিম হয়ে যায়। এর জন্য কোনো আলেম বা ইমামের সামনে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন হাবশার বাদশা নাজাশী কারও সামনে ঘোষণা না দিয়ে সবার অজান্তেই কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিলে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মুত্যুর কথা জানতে পারেন, তখন তিনি ছাহাবীদেরকে নিয়ে গায়েবানা জানাযা পড়েন। মুনাফিক্বরা বলল, আমরা একজন অমুসলিম হাবশীর জন্য জানাযা পড়ব? তখন আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আহলে কিতাবগণের মধ্যে একদল রয়েছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং যা তোমাদের প্রতি ও তাদের প্রতি নাযিল হয়েছে, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি অনুগত হয়ে’ (আলে ইমরান, ৩/১৯৯; নাসাঈ, সুনানুল কুবরা, হা/১১০৮৮; সিলসিলা ছহীহাহ, হা/৩০৪৪; তাফসীরে ইবনু কাছীর, আলে ইমরানের ৩/১৯৯ নং আয়াতের তাফসীর দ্রষ্টব্য)। ছুমামা ইবনে উছাল রাযিয়াল্লাহু আনহু-কে ইসলাম গ্রহণের জন্য রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেও তিনি গ্রহণ করেননি। পরে তাকে ছেড়ে দেওয়া হলে ইসলামের মাহাত্ম্য বুঝতে পেরে তিনি বাগানে গিয়ে গোসল করে মসজিদে প্রবেশ করে নিজে থেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে যান (ছহীহ বুখারী, হা/৪৬২; ছহীহ মুসলিম, হা/১৭৬৪)।

-জুয়েল বিন মনিরুল ইসলাম

 পত্নীতলা, নওগাঁ।


Magazine