কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : প্রায় ২৮ বছর পূর্বে সম্পাদিত এক বণ্টননামার ভিত্তিতে চার শরীক স্বতঃস্ফূর্তভাবে তাদের সম্পত্তি গ্রহণ করেছিল। কিন্তু ২৩ বছর পরে ঘটনাক্রমে জমির মান বিবেচনার মূল্যায়নে দেখা যায় যে, তুলনামূলকভাবে দুই শরীক ৩ থেকে প্রায় ৫ লক্ষ টাকা বেশি পেয়েছে। এমতাবস্থায় কম পাওয়া অপর দুই শরীক বর্তমানে সমপরিমাণ টাকা দাবি করছে। শারঈ দৃষ্টিতে তাদের এ দাবি কি সঠিক? উল্লেখ্য যে, বেশি পাওয়া দুই শরীক তাদের জমি প্রায় সবটাই বিক্রি করে দিয়েছে। সামান্য যা আছে, তা থেকে দিতে অস্বীকার করছে। এতে কি তাদের কোনো গুনাহ হবে?

উত্তর : সময়ের ব্যবধানে জায়গা-জমির দাম কম-বেশি হওয়াই স্বাভাবিক। তাই বণ্টনের সময় ইনছাফের সাথে ন্যায্য বণ্টন হওয়ার পর কারণ বিশেষে জায়গার দাম কম-বেশি হলে পুনরায় অর্থ দাবি করা জায়েয নয় এবং দ্বিতীয় পক্ষ তাদের সেই দাবি না মানলে গুনাহগারও হবে না। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে একবার দ্রব্যমূল্যের দাম বেড়ে গেলে ছাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাদের জন্য পণ্যের দাম নির্ধারণ করে দিন। তখন তিনি বললেন, ‘আল্লাহই পণ্যদ্রব্যের মূল্য নির্ধারক, হ্রাসকারী, বৃদ্ধিকারী ও রিযিকদাতা। আর আমি এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, যেন কেউ রক্ত কিংবা সম্পদের ক্ষেত্রে যুলুমের কারণে আমাকে তলব না করে’ (আবূ দাঊদ, হা/৩৪৫১; মিশকাত, হা/২৮৯৪)।

-ইয়াকুব আলী

৭১/৩, উপশহর, রাজশাহী।


Magazine