কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : ইবাদত কবুলের শর্ত কয়টি ও কী কী?

উত্তর : ইবাদত কবুলের জন্য নির্দিষ্টভাবে কোন শর্তের সংখ্যা কুরআন-হাদীছে উল্লেখ নেই। তবে বিভিন্ন আয়াত ও হাদীছের আলোকে বলা যায় যে, ইবাদত কবুলের শর্ত তিনটি। যথা : (১) ইখলাছ ফীল ইবাদাত : তথা যাবতীয় ইবাদত-বন্দেগী একমাত্র আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যেই নিবিষ্ট হওয়া এবং সেক্ষেত্রে কোন প্রকার লৌকিকতা ও সুনাম অর্জনের মনোভাব না থাকা। মহান আল্লাহ বলেন, তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত (সত্য) কোন মা‘বূদ নেই; সুতরাং তোমরা তাঁকেই ডাকো, তাঁর ইবাদতে একনিষ্ঠ হয়ে (মুমিন বা গাফির ৬৫)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ইহসান হল, এমনভাবে আল্লাহ্র ইবাদত করবে, যেন তুমি তাঁকে দেখতে পাচ্ছ। যদি তাঁকে দেখতে না পাও, তবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন (এই নিয়ত করবে)’...(মুসলিম, হা/৮; মিশকাত, হা/২)। (২) রূযী হালাল হওয়া : মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ! আমি তোমাদেরকে যা উপজীবিকা স্বরূপ দান করেছি সেই পবিত্র বস্তুসমূহ খাও এবং আল্লাহ্র নিকট কৃতজ্ঞতা প্রকাশ কর যদি তোমরা তাঁরই ইবাদত করে থাকো (বাক্বারাহ, ১৭২)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। নিশ্চয়ই আল্লাহ রাসূলগণকে যা আদেশ করেছেন মুমিনদেরকেও তাই আদেশ করেছেন। তারপর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির আলোচনা করলেন, যে ব্যক্তি সফরে থাকায় ধুলায় মলিন হয়। আকাশের দিকে দু’হাত উত্তোলন করে প্রার্থনা করছে, হে আমার প্রতিপালক! হে আমার প্রতিপালক! কিন্তু তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, কিভাবে তার দু‘আ কবুল হবে (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)। (৩) যাবতীয় ইবাদত রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পদ্ধতিতে হওয়া : মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ! তোমরা আল্লাহ্র আনুগত্য কর এবং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনুগত্য কর, আর (তা না করে) তোমাদের আমলসমূহ বিনষ্ট কর না (মুহাম্মাদ, ৩৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি এমন আমল করল, ‘যার প্রতি আমার নির্দেশ নেই, তা প্রত্যাখ্যাত’ (মুসলিম, হা/১৭১৮, ‘মীমাংসা’ অধ্যায়, ২/৭৭ পৃঃ)। অন্য হাদীছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যারা বিদ‘আত করে এবং বিদ‘আতকে আশ্রয় দেয়, তাদের ফরয-নফল কোন ইবাদত কবুল হবে না’ (বুখারী, হা/১৮৭০; মুসলিম, হা/১৩৭০-৭১; মিশকাত, হা/২৭২৮)।

-সোহানুর রহমান

সাদুল্ল্যাপুর, গাইবান্ধা।



Magazine