কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): মৃত ব্যক্তির নামে কুরআন খতম করা যাবে কি? বিশেষ করে রামাযান মাসে?

উত্তর: রামাযান কিংবা রামাযানের বাইরে মৃত ব্যক্তির নামে কুরআন খতম করা শরীআতসম্মত নয়। মৃত ব্যক্তির নামে কুরআন পড়ে বখশিয়ে দেওয়া স্পষ্ট বিদআত, এমন আমল আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবী ও তাবেঈ থেকে প্রমাণিত নয়। বরং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কেউ আমাদের এ শরীআতে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা বাতিল’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮)।

রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘যে ব্যক্তি এমন কোনো কর্ম করল যা আমাদের ধর্মে নেই, তা প্রত্যাখ্যাত হবে’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। বরং তার জন্য জীবিতদের করণীয় হলো দু‘আ করা, তার জন্য ছাদাক্বা করা। এক ব্যাক্ত নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, আমার জননীর আকস্মিক মৃত্যু ঘটে, আমার বিশ্বাস তিনি (মৃত্যুর পূর্বে) কথা বলতে সক্ষম হলে কিছু ছাদাক্বা করে যেতেন। এখন আমি তাঁর পক্ষ হতে ছাদাক্বা করলে তিনি এ ছওয়াব পাবেন কি? তিনি বললেন, ‘হ্যাঁ (অবশ্যই পাবে)’ (ছহীহ বুখারী, হা/২২৯৮; ছহীহ মুসলিম, হা/১৬১৯)।

-হান্নান মাসউদ

গাজীপুর।


Magazine