কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : জুম‘আর দিন মুছল্লী মসজিদে ঢুকে দেখছে মুয়াযযিন আযান দিচ্ছে। এমতাবস্থায় সে কি দাঁড়িয়ে থেকে আযানের উত্তর দিবে? না ‘তাহিয়্যাতুল মাসজিদ’ পড়া শুরু করবে?

উত্তর : আযান চলাকালীন মসজিদে প্রবেশ করলে দাঁড়িয়ে থেকে আযানের জওয়াব দেওয়া ও আযান শেষের দু‘আ পড়া উত্তম। কারণ এ ইবাদত চলন্ত অবস্থায় রয়েছে যার উত্তর দেয়ার জন্য রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। আবদুল্লাহ ইবনু আমর ইবনে আছ রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমরা মুয়াযযিনকে আযান দিতে শুনবে, তখন তার জওয়াবে বল মুয়াযযিন যা বলে। অতঃপর আমার উপর দরূদ পড়। কেননা যে আমার উপর একবার দরূদ পড়ে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করেন। তারপর আমার জন্য আল্লাহ্র নিকট ‘অসীলা’ চাও। আর তা হচ্ছে জান্নাতের একটি উচ্চ মর্যাদাসম্পন্ন স্থান। যা আল্লাহ্র বান্দাদের মধ্যে মাত্র একজন বান্দার জন্য উপযোগী। আমি আশা করি আমিই সেই বান্দা। যে ব্যক্তি আমার জন্য ‘অসীলা’ চাইবে তার জন্য আমার শাফা‘আত যরূরী হয়ে যাবে (মুসলিম, মিশকাত, হা/৬৫৭; ফাতাওয়া উছায়মীন, ১২/১৯৩)। অতঃপর আযানের দু‘আ পড়ার পর তাহিয়্যাতুল মসজিদ ছালাত আদায় করে বসবে (ছহীহ বুখারী, হা/৪৪৪; ছহীহ মুসলিম, হা/৭১৪; মিশকাত, হা/৭০৪; ফাতাওয়া উছায়মীন, ১২/১৯৩)।

-সিদ্দাতুল হাসান হাবীব

নবাবগঞ্জ, দিনাজপুর।


Magazine