কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : ছালাত পড়াতে পড়াতে ইমামের ওযূ নষ্ট হলে করণীয় কী?

উত্তর : এমতাবস্থায় ইমাম ছালাত ছেড়ে দিয়ে হাত দিয়ে নাক ধরে চলে আসবেন এবং তার নিকটেই অবস্থানরত একজন বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তিকে ইমামতির স্থানে দাঁড়িয়ে দিবেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ আপন ছালাতের মধ্যে বাতকর্ম করে, তখন সে যেন আপন নাক ধরে এবং ছালাত ত্যাগ করে বের হয়ে যায়’ (ছহীহ আবুদাঊদ, হা/১১৪; ছহীহ আল-জামি‘, হা/২৮৬; মিশকাত, হা/১০০৭)। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের মাঝে বুদ্ধিমান ও বিজ্ঞজন (ছালাতে) আমার নিকট দিয়ে দাঁড়াবে। তারপর দাঁড়াবে তাদের নিকটবর্তী স্তরের লোক’ (ছহীহ মুসলিম,হা/৪৩২; মিশকাত, হা/১০৮৯)। এই হাদীছ দ্বারা বুঝা যায় যে, ইমামের নিকটে বুদ্ধিমান ও আলেম দাঁড়াবেন এবং কোন দুর্ঘটনাজনিত কারণে ইমামকে ছালাত ছেড়ে চলে যেতে হলে তদস্থলে অন্য একজন ইমামতি করবেন।

-আতিক মাহমুদ

গোবিন্ধগঞ্জ, গাইবান্ধা।


Magazine