কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : ফরয ছালাতের ক্বাযা আদায়ের সময় সংশিস্নষ্ট সুন্নাত পড়তে হবে কি?

উত্তর : ক্বাযা ছালাতের সুন্নাত আদায় করা ভাল। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ক্বাযা সুন্নাত আদায় করেন। একদা তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে যান। তিনি সূর্য উঠার পর ফজরের ছালাত আদায় করেন। প্রথমে সুন্নাত পড়েন ও পরে ফরয পড়েন (ছহীহ মুসলিম, হা/৪৭৩)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পূর্বের চার রাক‘আত ছালাত আদায় না করতে পারলে যোহরের পরে তা পড়ে নিতেন (ফিক্বহুস সুন্নাহ, ১/১৭৮ ‘যোহরের সুন্নাত ক্বাযা করা’ অনুচ্ছেদ)। তবে সুন্নাত ছালাত পড়লে নেকী পাওয়া যাবে, না পড়লে পাপ হবে না। কেননা খন্দকের যুদ্ধের দিন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাহাবীগণকে নিয়ে যোহর, আছর, মাগরিব ও এশার ক্বাযা ছালাত এক আযান ও চারটি পৃথক ইক্বামতের দ্বারা জামা‘আত সহকারে আদায় করেছিলেন। তাতে সংশিস্নষ্ট সুন্নাতগুলো আদায় করেননি। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম। তখন আমরা যোহর, আছর, মাগরিব ও এশার ছালাত আদায়ে বাধাপ্রাপ্ত হলাম। এটা আমার কাছে কষ্টদায়ক মনে হল। কিন্তু মনে মনে ভাবলাম, আমরা তো রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে থেকে আল্লাহ্র পথে জিহাদ করছি (এরপরও কি আমাদের এরূপ দুর্ভাগ্য?) তারপর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাযিয়াল্লাহু আনহু-কে ইক্বামত দিতে আদেশ করলেন। ইক্বামত দিলে তিনি আমাদের নিয়ে যোহরের ছালাত আদায় করলেন। আবার ইক্বামত দিলে আছরের ছালাত আদায় করলেন। আবার ইক্বামত দিলে মাগরিবের ছালাত আদায় করলেন। পুনরায় ইক্বামত দিলে এশার ছালাত আদায় করলেন। তারপর আমাদের উদ্দেশ্যে বললেন, ‘ভূ-পৃষ্ঠে তোমাদের ছাড়া এমন কোন জামা‘আত নেই যারা আল্লাহ তা‘আলাকে স্মরণ করে’ (নাসাঈ, হা/৬৬২)।

-আফরুজা

মান্দা, নওগাঁ।


Magazine