কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : এক বৈঠকে তিন তালাক দিলে তা তিন তালাক হিসাবে গণ্য হবে? নাকি এক তালাক হিসাবে গণ্য হবে?

উত্তর : এক সাথে প্রদত্ত তিন তালাক এক তালাক হিসাবে গণ্য হবে। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু রুকানা রাযিয়াল্লাহু আনহু যখন তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও’। তিনি বললেন, আমি তাকে তিন তালাক দিয়ে দিয়েছি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমি তা জানি, তুমি তাকে ফিরিয়ে নাও’ (আবুদাঊদ, হা/২১৯৬)। অন্য বর্ণনায় এসেছে, আবু রুকানা রাযিয়াল্লাহু আনহু যখন তাঁর স্ত্রীকে এক সাথে তিন তালাক দেন, তখন তিনি চিন্তিত হয়ে পড়লে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীকে তাঁর কাছে ফেরৎ দেন এবং বলেন, এটি এক তালাক হিসাবে গণ্য (আহমাদ, হা/২৩৮৭; ফাতাওয়া ইবনে তায়মিয়াহ, ২১/২৭৪ পৃঃ)। উক্ত হাদীছসমূহ দ্বারা প্রমাণ হয় যে, মানুষ তার স্ত্রীকে এক বৈঠকে তিন তালাক দিলে ইদ্দতের মধ্যে (অর্থাৎ ৯০ দিনের মধ্যে) ফিরিয়ে নিতে পারে। অন্য কোথাও বিবাহ দিতে হবে না। হিল্লা নীতি হারাম (ইবনু মাজাহ, হা/১৯৩৪, ১৯৩৫, ১৯৩৬)। উল্লেখ্য যে, ওমর রাযিয়াল্লাহু আনহু-এর শাসনামলের শেষ দিকে মানুষের তাড়াহুড়ার কারণে তিনি এক সাথে প্রদত্ত তিন তালাককে ‘তিন তালাক’ হিসাবে গণ্য করেন (ছহীহ মুসলিম, হা/১৪৭২)। এটা ছিল তাঁর সাময়িক ও প্রশাসনিক ফরমান এবং ইজতিহাদ। অতএব আমাদেরকে কুরআন-সুন্নাহর দিকেই ফিরে যেতে হবে।

-মাইমুনা তাবাসসুম

নওগাঁ সদর, নওগাঁ।


Magazine