উত্তর : আল্লাহ্র রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বিষয়টি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। জাবির রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাউকে তার আমল জান্নাতে পৌঁছাতে পারবে না এবং তাকে জাহান্নাম হতেও বাঁচাতে পারবে না, এমনকি আমাকেও নয়। আল্লাহ্র রহমত ছাড়া (ছহীহ মুসলিম, হা/২৮৭২; ছহীহুল জামে‘, হা/৭৬৬৭; তাহক্বীক্ব মিশকাত, হা/২৩৭২)। আর ‘আমলে নাজাত’-এর অর্থ পরিত্রাণ পাওয়ার আমল। এটি কুরআন ও হাদীছের কোন শব্দ নয়। তবে কুরআন ও হাদীছে যে শব্দ বা বাক্য এসেছে তাহল, ‘আমলে ছালেহ’ (নেক আমল বা সৎ আমল)। যেমন আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَى نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ
‘যারা ঈমান এনেছে ও সৎ কর্ম করেছে তাদের জন্য তাদের আমলের প্রতিদান স্বরূপ চিরস্থায়ী জান্নাত রয়েছে (সাজদাহ, ১৯)। অন্যত্র আল্লাহ বলেন, مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهِ وَمَنْ أَسَاءَ فَعَلَيْهَا ‘যে ব্যক্তি সৎ আমল করবে সে নিজের জন্য করবে আর যে অসৎ কাজ করবে সে তার খারাপ প্রতিদান পাবে’ (জারিয়াত, ১৫)। পবিত্র কুরআনে এবিষয়ে অসংখ্য আয়াত রয়েছে। হাদীছে এসেছে, আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুঈন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকটে এসে বললেন, আমাকে এমন আমলের কথা বলে দিন যা করলে জান্নাতে প্রবেশ করতে পারব। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্র ইবাদত করাসহ ইসলামের মৌলিক বিষয়গুলো অবহিত করলেন। বেদুঈন বলল, আমি এর কম-বেশী করব না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেই যদি জান্নাতী কোন লোক দেখে আনন্দিত হতে চায় তাহলে সে যেন এই লোকটিকে দেখে (ছহীহ বুখারী, হা/১৩৯৭; ছহীহ মুসলিম, হা/১৪; তাহক্বীক্ব মিশকাত, হা/১৪ ও ১৬)। অতএব আল্লাহ্র রহমতেই মানুষ জান্নাতে যাবে। আমল তার মাধ্যম।
-আল-আমীন
শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
