কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : যে ব্যক্তি স্ত্রীকে অসন্তুষ্ট রাখে এবং তার স্ত্রীর হক্ব আদায় করেনা তার পরিণাম কী?

উত্তর : শরী‘আতের বিধান হচ্ছে স্ত্রীর সাথে সদ্ব্যবহার করা। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা তাদের (স্ত্রীদের) সাথে সৎভাবে জীবন যাপন কর’ (নিসা, ১৯)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের উপর তাদের হক্ব হল, তোমরা ন্যায়সঙ্গতভাবে তাদের অন্ন ও বস্ত্রের ব্যবস্থা করবে’ (ছহীহ মুসলিম, হা/৩০০৯; তাহক্বীক্ব মিশকাত, হা/২৫৫৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, মু‘আবিয়াহ ইবনে হাইদাহ বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, ‘হে আল্লাহ্র রাসূল আমাদের কারও স্ত্রীর অধিকার স্বামীর উপর কতটুকু? তিনি বললেন, তুমি যা খাবে তাকে তা খাওয়াবে। তুমি যে মানের কাপড় পরিধান করবে তাকেও সে মানের কাপড় পরিধান করাবে। তাকে অশ্রদ্ধা করবে না। তাকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করবে না। তাকে একাকী বাড়ীর বাইরে যেতে দিবে না (আবুদাঊদ, হা/২১৪২; তাহ্ক্বীক্ব মিশকাত, হা/৩২৫৯-৩২৬০)। দাম্পত্য জীবন সুখের না হলে স্ত্রী ইচ্ছে করলে খোলা করে চলে যাবে। যেমন সাবিত ইবনু কায়সের স্ত্রী করেছিলেন (ছহীহ বুখারী, হা/৫২৭৩; তাহ্ক্বীক্ব মিশকাত, হা/৩২৭৪)। আর স্বামীর পক্ষ থেকে যদি অন্যায় বা যুলুম হতে থাকে তাহলে যালিমদের জন্য পরকালে কোন বন্ধু থাকবে না’ (মুমিন, ১৮)। আর অত্যাচার করার কারণে ক্বিয়ামতের দিন তার জন্য অন্ধকার হবে (ছহীহ মুসলিম, হা/২৫৭৮; তাহক্বীক্ব মিশকাত, হা/১৮৬৫)।

-নাম প্রকাশে অনিচ্ছুক



Magazine