কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬): অনেকে চায়, মক্কা-মদীনায় গিয়ে যেন তার মৃত্যু হয়। এরকম আকাঙ্ক্ষা করা জায়েয হবে কি? সেখানে মৃত্যু হলে কোনো ফযীলত আছে কি?

উত্তর: মদীনায় মৃত্যুবরণ করার জন্য আল্লাহর নিকট দু‘আ করা এবং এ লক্ষ্য বাস্তবায়ন করার জন্য মদীনায় বসবাস করার চেষ্টা করা যায়। মদীনায় মৃত্যুবরণ করার ফযীলত হলো রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুপারিশ লাভ করা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, مَنِ اسْتَطَاعَ أَنْ يَمُوتَ بِالْمَدِينَةِ فَلْيَمُتْ بِهَا ؛ فَإِنِّي أَشْفَعُ لِمَنْ يَمُوتُ بِهَا ‘যে ব্যক্তি মদীনায় মৃত্যুবরণ (নিয়মিত বসবাস) করতে সক্ষম সে যেন সেখানে মৃত্যুবরণ (নিয়মিত বসবাস) করে। কেননা আমি মদীনায় মৃত্যুবরণকারীদের জন্য সুপারিশ করব’ (তিরমিযী, হা/৩৯১৭)। উমার রাযিয়াল্লাহু আনহু মদীনায় মৃত্যু হওয়ার জন্য দু‘আ করতেন এবং তিনি বলতেন, اللَّهُمَّ ارْزُقْنِي شَهَادَةً فِي سَبِيلِكَ، وَاجْعَلْ مَوْتِي فِي بَلَدِ رَسُولِكَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم ‘হে আল্লাহ! আপনার পথে আমাকে শহীদ হওয়ার মর্যাদা দান করুন এবং আপনার রাসূলের শহরে আমাকে মৃত্যু দান করুন’ (ছহীহ বুখারী, হা/১৮৯০)। হাদীছের গ্রন্থগুলোতে মক্কায় মৃত্যুবরণ করার ফযীলত সংক্রান্ত কিছু হাদীছ পাওয়া যায়। কিন্তু এগুলোর মধ্যে কিছু হাদীছ মাওযূ বা জাল আর কিছু হাদীছ যঈফ বা দুর্বল (সিলসিলা যঈফা, ৬/৩১৯-৩২৪)।

প্রশ্নকারী : আকিব

বরিশাল।

Magazine