উত্তর : হ্যাঁ, অন্ধকারে ছালাত আদায় করা যায়। আয়েশা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সম্মুখ দিকে ঘুমাতাম। আর আমার দু’পা তাঁর ক্বিবলার দিকে থাকত। যখন তিনি সিজদা করতেন, তখন আমাকে টোকা দিতেন। আর আমি আমার পা দু’টি গুটিয়ে নিতাম। যখন তিনি দাঁড়াতেন, আমি দুই পা লম্বা করে দিতাম। আয়েশা রাযিয়াল্লাহু আনহু বলেন, সে সময় ঘরে বাতি থাকত না (ছহীহ বুখারী, হা/৩৮২; ছহীহ মুসলিম, হা/৫১২; মিশকাত, হা/৭৮৬)। আয়েশা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, (এক রাত্রে) আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিছানা থেকে হারিয়ে ফেললাম। খুঁজতে গিয়ে আমার হাত পড়ল তার দুই পায়ের পাতার পেটে। তখন তিনি সিজদায় ছিলেন এবং পায়ের পাতাদ্বয় খাড়া ছিল। আর তিনি বলছিলেন, ‘হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টির মাধ্যমে তোমার অসন্তুষ্টি/ক্রোধ থেকে আশ্রয় চাচ্ছি। তোমার ক্ষমার মাধ্যমে শাস্তি থেকে আশ্রয় চাচ্ছি। তোমার মাধ্যমে তোমার থেকে আশ্রয় চাচ্ছি। আমি তোমার গুণগান করে শেষ করতে পারি না। তুমি তেমনই, যেমনটা তুমি তোমার গুণাগুণ বর্ণনা করেছ’ (ছহীহ মুসলিম, হা/৪৮৬; মিশকাত, হা/৮৯৬)।
-মিলন হোসাইন
রহিমানপুর, ঠাকুরগাঁও।
