কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : মেয়েদের চুল দিয়ে শিশুদের খেলনা ক্রয় করা যাবে কি?

উত্তর : আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন (ইসরা, ৭০)। তাই তার মাথার চুলও সম্মানিত বস্ত্ত। মানুষের চুলকে অপস্থানে ব্যবহার করা স্বয়ং মানুষকে অপমান করার শামিল। অতএব, মেয়েদের মাথার চুল দিয়ে শিশুদের জন্য খেলনা বা যে কোন কিছু ক্রয় করা যাবে না। কারণ উক্ত চুল সাধারণত পরচুলা তৈরির কাজে ব্যবহৃত হয়। হুমাইদ ইবনু আব্দুর রহমান ইবনু আউফ রাযিয়াল্লাহু আনহু মু‘আবিয়া ইবনু আবী সুফিয়ান রাযিয়াল্লাহু আনহু -কে হজ্জ্ব করতে গিয়ে মিম্বারের উপর বলতে শোনেন, তিনি তখন একজন প্রহরীর হাতে থাকা এক গোছা চুল নিয়ে বলেন, হে মদীনার অধিবাসীগণ! তোমাদের আলেমগণ কোথায়? আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এই পরচুলা ব্যবহার করা থেকে নিষেধ করতে শুনেছি। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের মহিলারা যখন এসব ব্যবহার শুরু করে তখনই তারা ধ্বংস হয়ে গেছে’ (ছহীহ বুখারী, হা/৫৯৩২; ছহীহ মুসলিম, হা/২১২৭)। মুসলিমের অপর বর্ণনায় এসেছে, সাঈদ ইবনুল মুছায়্যিব রাযিয়াল্লাহু আনহু বলেন, মু‘আবিয়া রাযিয়াল্লাহু আনহু মদীনায় এসে আমাদের সামনে বক্তব্য দিতে গিয়ে এক গোছা চুল বের করে বললেন, ইয়াহূদী ছাড়া অন্য কাউকে আমি এই পরচুলা ব্যবহার করতে দেখিনি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এই চুল নিয়ে যাওয়া হলে তিনি এর নাম দিয়েছিলেন ‘মিথ্যা’ (ছহীহ মুসলিম, হা/২১২৭)।

-রানা

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine