উত্তর: মুহাররম মানে নিষিদ্ধ বা সম্মানিত। এ মাসে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ এবং শরীয়তের দৃষ্টিতে এটি আল্লাহর ৪টি সম্মানিত মাসের একটি, যাকে অভিহিত করা হয়েছে ‘শাহরুল্লাহিল মুহাররম’ নামে। আর আরবী আশারা (عشر) শব্দ থেকে এসেছে আশূরা (عاشوراء)। আশারা অর্থ দশ আর আশূরা অর্থ দশম, মাসের দশম দিন। অর্থাৎ হিজরী সনের প্রথম মাস মুহাররমের দশ তারিখকে আশূরা বলা হয়। এদিন মহান আল্লাহ মূসা আলাইহিস সালাম ও তার কওমকে অত্যাচারী বাদশাহ ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউনকে ও তার লোকদেরকে ডুবিয়ে মেরেছিলেন। এজন্য মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে ছিয়াম পালন করেছেন। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আসেন, তখন দেখতে পেলেন ইয়াহূদীরা আশূরা দিবসে ছিয়াম পালন করে। তাদেরকে ছিয়াম পালনের কারণ জিজ্ঞেস করলে তারা বলল, এ দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন ও তার কওমকে ডুবিয়ে দিয়েছেন। এরপর মূসা আলাইহিস সালাম কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে এই দিনে ছওম পালন করেছেন, তাই আমরাও এ দিনে ছওম পালন করছি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমাদের চেয়ে আমরা মূসা আলাইহিস সালাম-এর বেশি হক্বদার’। এরপর তিনি ছিয়াম পালনের নির্দেশ দিলেন (ছহীহ বুখারী, হা/৩৯৪৩; ছহীহ মুসলিম, হা/১১৩০)।
প্রশ্নকারী : আ. হান্নান
ঠাকুরগাঁও।
