উত্তর: ইসলাম সন্তান ও সম্পত্তির উপর অভিশাপ দিতে কঠোরভাবে নিষেধ করেছেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা নিজেদের বিরুদ্ধে, সন্তানদের বিরুদ্ধে এবং সম্পদের বিরুদ্ধে বদদু‘আ (অভিশাপ) করো না। এমন সময়ের সাথে তা মিলে যেতে পারে যখন আল্লাহর কাছে কিছু চাওয়া হলে তিনি তা কবুল করেন’ (ছহীহ মুসলিম, হা/৩০০৯)। সন্তানের বিরুদ্ধে পিতামাতার দু‘আ কবুল হয়, এজন্য পিতামাতার কখনো সন্তানের বিরুদ্ধে বদদু‘আ করা উচিত নয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন ব্যক্তির দু‘আ নিঃসন্দেহে কবুল হয়, তার মধ্যে রয়েছে সন্তানের বিরুদ্ধে পিতামাতার দু‘আ’ (আবূ দাঊদ, হা/১৫৩৬; তিরমিযী, হা/১৯০৫)। তবে অন্যায় বদদু‘আ আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেন, ‘আপনার রব কারও প্রতি যুলুম করেন না’ (আল-কাহফ, ১৮/৪৯)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘বান্দার দু‘আ সর্বদা গৃহীত হয়, যদি সে পাপের কাজ অথবা আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করার জন্য দু‘আ না করে এবং (দু‘আয়) তাড়াহুড়া না করে’ (ছহীহ মুসলিম, হা/৬৮২৩)। এমন পরিস্থিতিতে সন্তানের জন্য করণীয়- ১. মায়ের সাথে সদ্ব্যবহার অব্যাহত রাখা (আল-ইসরা, ১৭/২৩)। ২. বদদু‘আর জবাবে বদদু‘আ না করা। ৩. নিয়মিত এই দু‘আ পড়া, حَسْبِيَ اللَّهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيم (আবূ দাঊদ, হা/৫০৮১)। ৪. সকাল-সন্ধ্যার মাসনূন যিকির ও দু‘আ পাঠ করা। বিশেষত, بسم اللَّه اللذي لايضر مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (তিরমিযী, হা/৩৩৮৮; আবূ দাঊদ, হা/৫০৮৮)।
প্রশ্নকারী : আবূ হুরায়রা সিফাত
