উত্তর: যাকাতুল ফিতর এর হক্বদার ব্যক্তিকেও ফিতরা আদায় করা ফরয। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মধ্যে দাস ও স্বাধীন, পুরুষ ও নারী, ছোট ও বড় সবার উপর যাকাতুল ফিতর ফরয করেছেন, খেজুর এক ছা‘ অথবা যব এক ছা‘। আর তিনি নির্দেশ দিয়েছেন, মানুষ ঈদের ছালাতে বের হওয়ার আগেই তা আদায় করতে (ছহীহ বুখারী, হা/১৫০৩; ছহীহ মুসলিম, হা/৯৮৪)। ফকীরকেও ফিতরা আদায় করতে হবে, যদি তাঁর কাছে তাঁর পরিবারসহ একদিনের অতিরিক্ত খাবার থাকে (আবূ দাঊদ, হা/১৬০৯)। আর যদি কোনো ব্যক্তির কাছে ঈদের রাত ও দিনের জন্য নিজের এবং যাদের ভরণপোষণ তার উপর ওয়াজিব— তাদের প্রয়োজনের অতিরিক্ত কিছুই না থাকে, তাহলে তার উপর ছাদাকাতুল ফিতর ওয়াজিব নয়। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কারও উপর এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেন না, যা তার সাধ্যাতীত (আল-বাকারা, ২/২৮৬)।
প্রশ্নকারী : হাবিবুর রহমান
পীরগঞ্জ, রংপুর।
