কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): গ্রামে ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ছেড়ে দিয়ে পালন করার কারণে অনেক সময় অনেকের ফসল নষ্ট হয়। ফসল বা ক্ষতির বিনিময়ে ছাগল ধরে খেয়ে ফেললে গুনাহ হবে কি? অন্যের ক্ষতি করে এভাবে গবাদিপশু পালন করা যাবে কি?

উত্তর: পশু যদি দিনের বেলায় শস্য খেয়ে নেয়, তাহলে এতে জমির মালিক দায়ী। আর যদি রাতের বেলা শস্য খেয়ে নেয়, তাহলে পশুর মালিক দায়ী। বারা ইবনু আযেব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নিম্নরূপ) ফায়সালা প্রদান করেছিলেন, ‘বাগ-বাগিচার দেখাশোনার দায়িত্ব দিনের বেলা তার মালিকের উপর (দিনের বেলা লোকসানের জন্য মালিক দায়ী থাকবে)। গৃহপালিত জন্তুর রাতের বেলায় দেখাশোনার দায়িত্ব তার মালিকের উপর ন্যস্ত। রাতের বেলায় গৃহপালিত পশুর ক্ষতির জন্য পশুর মালিক দায়ী থাকবে’ (আবূ দাঊদ, হা/৩৫৬৯; ইবনু মাজাহ, হা/২৩৩২)। তবে বর্তমান সামাজিক অবস্থায় গবাদিপশু অনেক ক্ষতি করে। কাজেই পশুর মালিককে দিনের বেলাও তার পশু নিয়ন্ত্রণে রাখতে হবে। আর ক্ষতির কারণে মালিকের অনুমতি ছাড়া তার পশু ধরে জবাই করে খাওয়া বৈধ নয়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, ‘ইসলামে নিজের ক্ষতি করাও নিষিদ্ধ, অন্যের ক্ষতি করাও নিষিদ্ধ’ (ইবনু মাজাহ, হা/২৩৪১)। অতএব, ফসলের ক্ষতি হলে ক্ষতিপূরণের বিষয়টি পশুর মালিকের সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে অথবা প্রয়োজনে বৈধ বিচারিক কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে; নিজের হাতে প্রতিশোধ নেওয়া বা পশু জবাই করে নেওয়া বৈধ নয়।

প্রশ্নকারী : তোফায়েল আমিন

গাইবান্ধা।


Magazine