কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : তিন বা পাঁচ বছর মেয়াদে আম বাগান বিক্রি করা যাবে কি?

উত্তর : ফল পরিপক্ব হওয়ার পূর্বে এবং এক সাথে কয়েক বছরের জন্য বাগান বিক্রি করা শরী‘আতে নিষিদ্ধ। জাবের ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু‘আওয়ামাহ বা কয়েক বছরের জন্য অগ্রিম বিক্রয় নিষিদ্ধ করেছেন (আবুদাঊদ, হা/৩৩৭৫)। জাবের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (কোনো প্রকার গাছ বা বাগানের ফল) কয়েক বছরের জন্য অগ্রিম বিক্রি করতে নিষেধ করেছেন এবং (বিক্রিত ফল ক্রেতা কর্তৃক) সংগ্রহের পূর্বে যা নষ্ট হয়, তার মূল্য কর্তন করতে নির্দেশ দিয়েছেন (ছহীহ মুসলিম, হা/১৫৩৬, ১৫৫৪; মিশকাত, হা/২৮৪১)। জাবের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তুমি যদি তোমার মুসলিম ভাইয়ের কাছে (তোমার বাগানের বা গাছের) ফল বিক্রি করো, অতঃপর তাকে বুঝিয়ে দেওয়ার পূর্বেই যদি তা বিনষ্ট হয়ে যায়, তাহলে তার কাছ থেকে কোনো মূল্য গ্রহণ করা তোমার জন্য বৈধ নয়। তুমি তোমার ভাইয়ের প্রাপ্য না দিয়ে কিসের বিনিময়ে মূল্য গ্রহণ করবে?’ (ছহীহ মুসলিম, হা/১৫৫৪; মিশকাত, হা/২৮৪২)। আব্দুল্লাহ ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ফল পরিপক্ব না হওয়া পর্যন্ত ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। তিনি বিক্রেতা ও ক্রেতা উভয়কে নিষেধ করেছেন (ছহীহ বুখারী, হা/২১৯৪; ছহীহ মুসলিম, হা/১৫৩৪; মিশকাত, হা/২৮৩৯)। ছহীহ মুসলিমের এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর লাল বা হলুদ বর্ণের এবং শীষ জাতীয় বস্ত্ত সাদা বর্ণের না হওয়া এবং কোনো রোগ-বালায় থেকে আশঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত বিক্রয় করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫৩৫; মিশকাত, হা/২৮৩৯)। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল পরিপক্ব হওয়ার পূর্বে বিক্রয় করতে নিষেধ করেছেন। জিজ্ঞেস করা হলো, পরিপক্বতা কী? তিনি বললেন, ফল লাল হওয়া। তিনি আরও বললেন, দেখো যদি আল্লাহ তা‘আলা ফল ধরা বন্ধ করে দেন, তবে তোমাদের কেউ (বিক্রেতা) কিসের বিনিময়ে তার ভাইয়ের মাল (ফলের মূল্য) নিবে? (ছহীহ বুখারী, হা/২১৯৮; ছহীহ মুসলিম, হা/১৫৫৫; মিশকাত, হা/২৮৪০)। অতএব, উক্ত পদ্ধতিতে বাগান বিক্রি করলে তা হারাম হবে।

-আব্দুল কাদের

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।


Magazine