কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : ইমাম সাহেবের ক্বিরাআতে যথেষ্ট ভুল হয়। বিষয়টি সংশোধনের জন্য বলা হলেও তিনি সংশোধনের চেষ্টা করেন না। তিনি জনৈক পীরের খুব ভক্ত। জনসাধারণের অনেকেই তার ইক্তেদা করতে চায় না। তার পিছনে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : ইমামের ক্বিরাআতে ভুল দুই ধরনের হতে পারে। উচ্চারণের অশুদ্ধতা ও আয়াতের বাক্য ও শব্দ ভুলে যাওয়ার কারণে ভুল হওয়া। শব্দ বা বাক্য ভুলে যাওয়ার কারণে তাকে পরিবর্তন করার দরকার নাই। কেননা এটা সে ইচ্ছাকৃতভাবে করে না। উচ্চারণের অশুদ্ধতা আবার দুই ধরনের হতে পারে। উচ্চারণে যদি এমন ভুল হয় যার কারণে অর্থের বিকৃতি হতে পারে, তাহলে ইমামকে পরিবর্তন করাই উচিত। আর যদি এমন ভুল হয়, যার কারণে অর্থের কোনো বিকৃতি হয় না, তাহলে তার ইক্তেদা করা যাবে। উল্লেখ্য যে ইমামের কোনো ভুলের কারণে মুক্তাদীর ছালাতে কোনো সমস্যা হয় না, বরং মুক্তাদীর ছালাত হয়ে যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অনেকেই তোমাদেরকে ছালাত আদায় করায়। তারা যদি ঠিক করে, তাহলে তোমাদের জন্য ছওয়াব রয়েছে। আর তারা যদি ভুল করে, তাতে তোমাদের ছওয়াব হবে আর তাদের গুনাহ হবে’ (ছহীহ বুখারী, হা/৬৯৪; মিশকাত, হা/১১৩৩)। তবে এ ধরনের ইমামের সংশোধনের জন্য বলতে হবে। সংশোধিত না হলে তার চেয়ে ভালো ইমাম আনার চেষ্টা করা যায়। তবে ইমামের ভক্ত পীরের মধ্যে যদি শিরকী আমল-আক্বীদা থাকে, তাহলে তাকে অবশ্যই পরিবর্তন করতে হবে।

-আরিফুল ইসলাম

 দেবীদার, কুমিল্লা।


Magazine