কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : যারা ছালাত, ছিয়ামসহ অন্যান্য ভালো কাজ করে কিন্তু প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে তাদের কি শাস্তি হবে?

উত্তর : প্রতিবেশীকে কষ্ট দেওয়ার পরিণাম অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তির নিকট তার প্রতিবেশী নিরাপদ নয়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না’ (ছহীহ মুসলিম, হা/৪৬; মিশকাত, হা/৪৯৬৩)। অন্যত্র তিনি বলেন, ঐ ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি পেট ভরে খায়। অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে (বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/৫৬৬০, সনদ ছহীহ; মিশকাত হা/৪৯৯১)।

আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হলো, যে অধিক ছালাত, ছিয়াম ও যাকাত আদায় করে। কিন্তু যবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তার ব্যাপারে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জাহান্নামী’ (মুসনাদে আহমাদ, হা/৯৬৭৫; বায়হাক্বী, হা/৯৫৪৬; মিশকাত, হা/৪৯৯২; ছহীহ আত-তারগীব, হা/২৫৬০; সিলসিলা ছহীহা, হা/১৯০)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আল্লাহর কসম! ঐ ব্যক্তি মুমিন নয়; আল্লাহর কসম! ঐ ব্যক্তি মুমিন নয়; আল্লাহর কসম! ঐ ব্যক্তি মুমিন নয়; যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ নয়’ (ছহীহ বুখারী, হা/৬০১৬; ছহীহ মুসলিম, হা/৪৬; মিশকাত হা/৪৯৬২)।

-আব্দুছ ছামাদ

বিরামপুর, দিনাজপুর ।


Magazine