কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫): আমার আপন ভাতিজি (বয়স ৪ বছর) আমাকে আব্বু বলে ডাকতে পারবে কি? বাবা না থাকায় তার জন্মনিবন্ধনে বাবার জায়গায় আমার নাম দিতে পারব কি?

উত্তর: শ্রদ্ধা ও সম্মান বিবেচনা করে চাচাকে আব্বু বলে সম্বোধন করা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হে উমার! তুমি কি উপলব্ধি করছ না যে, কোনো ব্যক্তির চাচা তার পিতার সমতুল্য’ (ছহীহ ‍মুসলিম, হা/২১৬৭)। কিন্তু জন্মনিবন্ধনে পিতার জায়গায় চাচার নাম ব্যবহার করা জায়েয নয়। অভিভাবক হিসেবে নাম দেওয়া যায়; পিতা হিসেবে নয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তাদেরকে তাদের পিতৃ-পরিচয়ে ডাকো; আল্লাহর কাছে এটাই অধিক ইনছাফপূর্ণ। অতঃপর যদি তোমরা তাদের পিতৃ-পরিচয় না জান, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই এবং তোমাদের বন্ধু’ (আল-আহযাব, ৩৩/৫)। আবূ যার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, ‘কোনো লোক যদি নিজ পিতা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও অন্য কাউকে তার পিতা বলে দাবি করে, তবে সে আল্লাহর কুফরী করল’ (ছহীহ বুখারী, হা/৩৫০৮)।

প্রশ্নকারী : আলীনুর ইসলাম

জামালপুর।


Magazine