উত্তর: জাদুর প্রভাবে যেকোনো ব্যক্তি পাপ কাজে জড়িয়ে পড়তে পারে। কেননা জাদুর প্রভাব রয়েছে (আল-বাকারা, ২/১০২; ছহীহ বুখারী, হা/৩২৬৮; ছহীহ মুসলিম, হা/২১৮৯)। জাদুর প্রভাব মানুষের হৃদয় ও শরীরে পড়ে। এর দ্বারা অসুস্থতা, মৃত্যু এবং স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটতে পারে—আল্লাহর অনুমতিতে (মাজমূউ আল-ফাতাওয়া, ১৯/৩৫–৩৮)। তবে সে ব্যক্তি গুনাহগার হবে কি-না, তা নির্ভর করবে তার জ্ঞান, ইচ্ছাশক্তি ও নিয়ন্ত্রণ এর উপর। যদি জাদুর কারণে তার বিবেক-বুদ্ধি বা ইচ্ছাশক্তি এমনভাবে লোপ পায় যে, সে নিজের কাজের উপর নিয়ন্ত্রণ হারায়, তাহলে সে দায়মুক্ত। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না’ (আল-বাকারা, ২/২৮৬)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন ব্যক্তি থেকে কলম (গুনাহ লেখা) উঠিয়ে নেওয়া হয়েছে... পাগল থেকে, যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসে’ (আবূ দাঊদ, হা/৪৪০৩)। কিন্তু যদি জাদু শুধু প্ররোচনা বা প্রভাব সৃষ্টি করে; অথচ সে নিজের ইচ্ছায় পাপ করে, তাহলে সে গুনাহগার হবে। কেননা প্রত্যেক ব্যক্তি তার নিজ কর্মের জন্য দায়বদ্ধ (আল-মুদ্দাছছির, ৭৪/৩৮)।
প্রশ্নকারী : মোস্তাকিম
